মসিক মেয়র টিটু

প্রধানমন্ত্রী জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৫১ এএম

‘জনগণের দেওয়া ভ্যাট-ট্যাক্স এর সঠিক ব্যবহার রাষ্ট্র যদি নিশ্চিত করে তবে মানুষ ভ্যাট ট্যাক্স প্রদানে উৎসাহিত হন। মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। পদ্মা সেতুসহ দেশব্যাপী সব মেগা পরিকল্পনার বাস্তবায়নই নিশ্চিত করে জনগণের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে।’

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ উপলক্ষে গতকাল বুধবার ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেন এসব কথা। বেলা তিনটায় ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সেমিনার। এতে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা জানানো হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অতিরিক্ত কমিশনার ড. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের যুগ্ম কমিশনার আশীষ কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।

স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ও শেরপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপকমিশনার সুশান্ত পাল। অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের ৫ জন সর্বোচ্চ ভ্যাটদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত