কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ইউপি নির্বাচন বর্জন করলেও টাঙ্গাইলের মির্জাপুরে স্বতন্ত্রের আড়ালে কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপি নেতারা। এমনকি কোনো কোনো ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীও মাঠে রয়েছেন। ইতিমধ্যে মির্জাপুরের আট ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা।
এর মধ্যে মহেড়া ইউপিতে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খোকন, গোড়াই ইউপিতে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার পারভেজ শাহ আলম, বাঁশতৈলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম রুবেল পারভেজ, আনাইতারয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান বাবুল বকসী এবং ওই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল জিহাদী, ভাতগ্রাম ইউপিতে ওই ইউনিয়নের সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন, জামুকীতে উপজেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব ডি এ মতিন ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফিরোজ আলম মোক্তার, বানাইল ইউপিতে উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান উদ্দিন লিটন এবং উয়ার্শী ইউপিতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবজাল ও বিএনপি নেতা সোহরাব হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
উপজেলা বিএনপির সহসভাপতি জামুর্কী ইউপির বর্তমান চেয়ারম্যান ও ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী আলী এজাজ খান চৌধুরী রুবেলের কাছে দলীয় সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে দলের কোনো লিখিত নির্দেশনা পাইনি।
