করোনা হানা দিলেও বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশার কথায় শোনালেন তিনি।
স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ায় টাইগারদের সবাইকে ফের হোটেলবন্দী থাকতে হচ্ছে। যার কারণে অনিশ্চয়তা দেখা দেয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে।
২১ ডিসেম্বর পর্যন্ত সফরকারী দলকে হোটেলের বাইরে যাওয়া এবং অনুশীলনে অংশ না নিতে জানিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।। ফলে শঙ্কা দেখা দেয় এই সিরিজ নিয়ে।
তবে পাপন আশাবাদী, সিরিজ সম্পন্ন হওয়া বিষয়ে। সিরিজটি হবে নাকি পিছিয়ে যাবে, সে বিষয়ে এখনই কিছু জানাননি তিনি।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল চিঠি দিয়েছে বিসিবি। জবাবে কিউই বোর্ড জানায়, ২১ তারিখের আগে কিছুই বলা সম্ভব নয়। কারণ, ওই দিনের পরও যদি কোয়ারেন্টিন বাড়ে তাহলে ফের সব ওলটপালট হয়ে যাবে।
তবে এখনই সিরিজ বাতিল নিয়ে ভাবছেন না পাপন । তিনি বলেন, নিউজিল্যান্ডে আরেক দফা কোয়ারেন্টিনের মেয়াদ বাড়লে সিরিজ বাতিল নিয়ে ভাবছে বিসিবি।
