সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি বিন মর্তুজার এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা বসে আড্ডা দিচ্ছেন এক মুচির পাশে বসে।
দেশসেরা পেসার এবং বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সফল অধিনায়ককে এভাবে একজন মুচির পাশে বসে আড্ডা দিতে দেখে হতবাক নেটিজেনরা। জাতীয় সংসদের সদস্য হয়েও সমাজের একজন সাধারণ মানুষের পাশে বসে আড্ডা দেওয়ায় মাশরাফিকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
এত বড় মানুষ হয়েও নিজের অতীত ভুলে যাননি ‘ম্যাশ’। জন্মস্থান নড়াইলে গেলে এখনো শৈশব-কৈশোরের বন্ধুদের সঙ্গে প্রাণ খোলে আড্ডা দেন তিনি। শ্রেণি-পেশা যাই হোক না কেন, সবার সঙ্গে এখনো আগের সম্পর্ক 'নড়াইল এক্সপ্রেস'র।
মাশরাফির তেমন এক বন্ধু রবি। পেশায় মুচি বা চর্মকার। নড়াইল শহরের চৌরাস্তায় এক মেহগনি গাছের ছায়ায় জুতা-স্যান্ডেল সেলাই ও কালি করে চলে জীবনধারণ।
দেশসেরা ক্রিকেটারদের একজন হয়েও রবিকে ভুলে যাননি মাশরাফি। তার পাশে বসে আড্ডায় মাতলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। রবির পাশে বসে হুডি-মাস্ক পরা মাশরাফির আড্ডা দেওয়ার ছবিটিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
