নাসিকে বিএনপি নেতা তৈমূরের পক্ষে মাঠে নামলেন নৌকার সাবেক এমপি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:১১ পিএম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের পক্ষে মাঠে নামলেন আওয়ামী লীগের সাবেক এমপি (১৯৯৬-২০০১) এসএম আকরাম। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা।

রবিবার বন্দরের কদমরসূল দরগাহ জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তৈমূর আলম খন্দকার। এ সময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে গোটা এলাকাজুড়ে। তৈমূরের পক্ষে সাবেক এমপি এসএম আকরামের মাঠে নামাকে আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে এটি বড় চমক বলে মনে করছেন স্থানীয়রা।

রবিবার বিকেল ৪টায় এসএম আকরামসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে কদমরসূল দরগাহ জিয়ারত যান আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তার আগমনের খবরে হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নামে কদমরসূল দরগাহ ও আশপাশের এলাকায়। এ সময় তৈমূর আলম খন্দকারসহ নেতা-কর্মীরা কদমরসূল দরগায় রক্ষিত নবী (সা.) এর কদম মোবারক খচিত পবিত্র পাথর চুম্বন করে দোয়া করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালের প্রথম সিটি নির্বাচনে এসএম আকরাম জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ওই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সেলিনা হায়াত আইভী। নির্বাচনে মুখ্য ভূমিকা রাখেন সাবেক সংসদ সদস্য এসএম আকরাম। তিনি আইভীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। ওই নির্বাচনে আইভী জয়ী হওয়ার পর দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন এসএম আকরাম। এরপর দীর্ঘদিন রাজনীতির আড়ালে থাকলেও বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাগরিক ঐক্য থেকে ধানের শীষের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশ নেন তিনি। সেই নির্বাচনে প্রায় ৫২ হাজার ভোট পান এসএম আকরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত