একটি বানর শিশুকে হত্যার প্রতিশোধ নিতে ২৫০ কুকুর হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২টি বানর আটক করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই অঞ্চলে একটি শিশু বানরকে কুকুর হত্যা করে। পরে শিশু বানর হত্যার প্রতিশোধ নিতে বানর কুকুরছানাদের হত্যা করেছে।
বিড ফরেস্ট অফিসার শচীন এএনআইকে বলেন, বেশ কিছু কুকুর হত্যার সঙ্গে জড়িত ২টি বানরকে নাগপুর বন বিভাগের একটি দল আটক করেছে।
বানর ২টিকে নাগপুরে স্থানান্তরিত করা হচ্ছে এবং নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা।
স্থানীয়রা জানিয়েছেন, বানরগুলো গত কয়েক মাস ধরে লাভুল গ্রামে কুকুরছানাগুলোকে হত্যা করছে। কুকুরছানা দেখলেই তারা ধরে অনেক ওপরে নিয়ে যেত। তারপর সেখানে থেকে সেগুলোকে নিচে ফেলে দিত।
এএনআই জানিয়েছে, বানররা স্কুলগামী কিছু শিশুকে আক্রমণ করার পর স্থানীয়রা ধারুরের বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে।
এই অদ্ভুত ঘটনা গ্রামবাসী এবং কর্তৃপক্ষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
গ্রামবাসীর দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে দিচ্ছে তারা।
গত মাসে বানরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বানর দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও।
এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা লাভুল গ্রামে। কুকুরের ছানা টেনে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এক ভিডিওতে দেখা যায়, বানরের দলকে গ্রামের ভেতর দিয়ে তাড়া করছে ক্ষিপ্ত একদল কুকুর। এ সময় ভয়ে নারী ও শিশুরা ঘরে লুকিয়ে পড়েন। লাভুল গ্রামে ৫ হাজার মানুষ বসবাস করে।
