নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, ক্ষমতাসীন দল নৌকাকে নিজেদের মার্কা মনে করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার।
প্রতীক বরাদ্দের আগেই নৌকার নির্বাচনী বিলবোর্ড টাঙানো হলেও তাকে বিজয় দিবসের র্যালি করতে নির্বাচন অফিস নিষেধ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমি বিজয় দিবসের র্যালি করার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু নির্বাচন অফিস থেকে আমাকে নিষেধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঠিকই তার মিছিল নিয়ে বের হয়েছে। নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, ক্ষমতাসীন দল নৌকাকে নিজেদের মার্কা মনে করছে। তাই প্রতীক বরাদ্দের আগেই ব্যাপক প্রচারণা শুরু করেছে।
নাসিক নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ ডিসেম্বর। এরপর দেয়া হবে প্রতীক বরাদ্দ। এ দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই নৌকার ব্যানার ফেস্টুন দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ও প্রার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতাও মিলেছে।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ অনুসারে প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী বা তার পক্ষের কোনো লোক রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোনো নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে না। আচরণবিধিতে আরও উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিলবোর্ড ব্যবহার করা যাবে না।
সরেজমিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর জনবহুল এলাকা হিসেবে পরিচিত ২ নম্বর রেল গেটের সিটি করপোরেশনের গণশৌচাগারে একটি বিশাল বিলবোর্ড লাগানো হয়েছে। সেখানে নৌকা প্রতীক ও মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট চেয়ে বিলবোর্ড লাগানো হয়েছে। এ ছাড়া পাড়া মহল্লা গুলোতে শোডাউন করে নৌকার প্রচারণা ও ভোট চাওয়া হচ্ছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেন, প্রতীক বরাদ্দের আগেই নৌকার ব্যাপক প্রচারণা শুরু করেছে। আমি এ ব্যাপারে নির্বাচন অফিসার মতিয়ুর রহমানকে জানিয়েছি। তিনি দেখবেন বলে আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ এখনো দেখতে পাইনি।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, আইন সবার জন্য সমান। আমরা ব্যানার ফেস্টুন অপসারণে একাধিকবার অভিযান চালিয়েছি বিভিন্ন ওয়ার্ডে। আবারো অভিযান চালাব। যারা আচরণবিধি মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর বক্তব্য পাওয়া যায়নি। তবে তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, কর্মী-সমর্থকেরা অনেক সময় না-বুঝে বরাদ্দের আগেই দলীয় প্রতীক ব্যবহার শুরু করেছে। আমরা এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি যেন কেউ আচরণবিধি লঙ্ঘন না করেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে মেয়র পদে ৬ জনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরপর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
