প্রথম শ্রেণির ক্রিকেটে নাসুমের উইকেটের ‘সেঞ্চুরি’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:১৩ পিএম

প্রথম শ্রেণির ক্রিকেটে শততম উইকেটের মাইলফলক পূরণ করেছেন নাসুম আহমেদ।

সোমবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ৬ উইকেট শিকার করেন বিসিবি দক্ষিণাঞ্চলের এই বাঁহাতি স্পিনার। তাতেই প্রথম শ্রেণির ক্রিকেটে শততম উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছান তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯৪ উইকেট নিয়ে ২৩তম প্রথম শ্রেণি ম্যাচ খেলতে নেমেছিলেন নাসুম।

রবিবার ম্যাচের প্রথম দিনে পেয়েছেন এক উইকেট। সোমবার দ্বিতীয় দিনে আরো পাঁচ উইকেট শিকার করেন। ফেরান সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আরিফুল হক, সানজামুল ইসলাম ও শরিফুল ইসলামকে। এ নিয়ে ষষ্ঠবার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট পেলেন নাসুম।

উত্তরাঞ্চলের প্রথম ইনিংস থামে ৩৮৫ রানে। নাঈম সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেন। অঙ্কনের ব্যাট থেকে আসে ৭৬ রান।

দিনের খেলা শেষ হওয়ার আগে দক্ষিণাঞ্চল ২ উইকেটে ১১২ রান তুলেছে। অমিত হাসান ৩১ ও তৌহিদ হৃদয় ৩৯ রানে অপরাজিত আছেন।

মিরপুরে দিনের অন্য ম্যাচে ৮ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি ওয়ালটন মধ্যাঞ্চলের জাকের আলির। ৯২ রান করে আউট হন তিনি। ৭৬ রান করেন তাইবুর রহমান।

দিনের খেলা শেষ হওয়ার আগে ৯ উইকেটে ২২৩ রান তুলেছে মধ্যাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এখনো ২২ রানে এগিয়ে আছে। আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ২৪৫ রান করে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত