৫১৩ দিন পর গোলের দেখা পেলেন জুভেন্টাসের ফেদেরিকো

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০:০৪ এএম

অবশেষে জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছেন ফেদেরিকো বের্নার্ডেসি। কালিয়ারির বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে তুরিনের বুড়িদের দ্বিতীয় গোলটি করেছেন এই ইতালিয়ান উইঙ্গার।

৬০ ম্যাচ পর জাল খুঁজে পেলেন বের্নার্ডেসি। সময়ের হিসেবে ৫১৩ দিন। এর আগে ২৭ বছর বয়সী তারকা জুভদের হয়ে শেষ গোলটি করেছিলেন ২০২০ সালের ২৬ জুলাই।

ঘরের মাঠ তুরিনে ৪০তম মিনিটে মইস কিনের হেড থেকে এগিয়ে যায় জুভরা। ৮৩তম ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্ডেসি।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। তার মধ্যে কেবল এক ম্যাচ ড্র করেছে তারা।

জয় দিয়ে বছর শেষ করা জুভেন্টাস সিরি’আর চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় আছে পাঁচে। ১৯ ম্যাচে জুভদের পয়েন্ট ৩৪। মাত্র ১০ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে কালিয়ারি।

জুভেন্টাস নতুন বছর শুরু করবে ৬ জানুয়ারি। নাপোলিকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে অ্যালেগ্রির দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত