শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধার গলায় জুতার মালা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৭:০২ পিএম

ময়মনসিংহের ধোবাউড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধার গলায় জুতার মালা পরিয়ে বাজার ঘোরানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে চন্দ্রঘোনা গ্রামের ২য় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে খাবার ও টাকার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের বৃদ্ধ মো. সিরাজ মিয়া।

বিষয়টি মঙ্গলবার জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার মোফাজ্জল হোসেন মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সিরাজ মিয়াকে মেম্বারের নির্দেশে গ্রাম পুলিশের সহায়তায় আটকে রাখার জন্য এরশাদ বাজারে নিয়ে আসা হয়। এ সময় ক্ষিপ্ত জনতা গলায় জুতার মালা পরিয়ে সিরাজ মিয়াকে বাজারের বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরাজ মিয়াকে উদ্ধার করে নিয়ে আসে ধোবাউড়া থানা-পুলিশ।

এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর আলামত সংগ্রহের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত