নারায়ণগঞ্জের চাষাঢ়াবাগে জান্নাত মহল্লায় নির্মাণাধীন ১০ তলা একটি ভবন থেকে লোহার শাবল মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জাহানারা জামান বেবী (৫৩)। তিনি শহরের খানপুর এলাকার প্রয়াত ফুটবলার ও তোলারাম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক জাকির হোসেনের স্ত্রী। এছাড়া জাহানারা কৃতী ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।
১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, ১০ তলা ভবনটির মালিক তোতা মিয়া। সানরাইজ ডেভেলপার নামের কোম্পানি বাড়িটি নির্মাণ করছে। কিন্তু নির্মাণের সময়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। সকালে ওপর থেকে একটি শাবল রাস্তা দিয়ে চলাচলরত জাহানারা বেগমের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে। তাছাড়া সামনে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
ওই ভবনের বিপরীতমুখী এক ভবনের মালিক বলেন, ভবন নির্মানে যেখানে কিছু জায়গা ছেড়ে কাজ করার কথা, সেখানে তারা এক ইঞ্চিও ছাড়েনি। গত এক বছর যাবৎ এ ভবন থেকে কোনো না কোনো মালামাল পড়ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, এ বিষয়ে জানতে পেরে রাজউকের সঙ্গে কথা বলেছি। আমরা যথাযথ ব্যবস্থা নেব।
