জোড়া গোলে বেনজেমার ৪০০

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ এএম

করিম বেনজেমার জোড়ায় জয় দিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। লা লিগায় বুধবার ২-১ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ক্রিসমাসের ছুটিতে যাচ্ছে তারা। বিলবাওয়ের মাঠে ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথম ১০ মিনিটের মধ্যে। চতুর্থ মিনিটে প্রথম গোলটি করেন বেনজেমা। বাঁ প্রান্ত থেকে গোলপোস্ট তাক করে ডান পায়ের বাঁকানো শট নেন অনেকেই। তবে বেনজেমার ব্যাপারটা যেন আলাদা! টনি ক্রুসের পাসটা বেনজেমা পেলেন বক্সের মাথায়। দৌড়ের ওপরই চলতি বলে বেনজেমা যখন শট নেন তখন গোলপোস্ট তাকিয়ে শটটা নেননি। যেন আগেই মাপ জানা ফরাসি এই স্ট্রাইকারের। পোস্টের মাঝে দাঁড়িয়ে থাকা বিলবাও গোলকিপার আগিরেজাবালার বাঁ প্রান্ত দিয়ে বল জালে জড়ায়। পেশাদার খেলোয়াড় হিসেবে নিজের ৪০০তম গোল স্মরণীয় করে রাখতে এর চেয়ে ভালো শট হয়তো আর হতে পারত না। ৩ মিনিট পর বিলবাওয়ের এক ডিফেন্ডারের ভুলে ব্যবধান দ্বিগুণ করনে বেনজেমা। এবারের লিগে এটি তার ১৫তম গোল (সর্বোচ্চ)। ১০ মিনিটে বিলবাওয়ের ওইহান সানচেট একটি গোল শোধ দেন। পেশাদার ক্যারিয়ারে ৪০১ গোল হয়ে গেল বেনজেমার। রিয়ালের জার্সিতে ৫৮২ ম্যাচে করেছেন ২৯৯, লিঁওর হয়ে ১৪৮ ম্যাচে ৬৬ এবং ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে ৩৬ গোল। ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৪০০ গোলের দেখা পেলেন বেনজেমা। ৪১১ গোল নিয়ে তার ওপরে আছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি। একই দিনে গ্রানাদার কাছে ১-২ গোলে হেরে গেছে শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ। ১৮ ম্যাচে পঞ্চম পরাজয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ডিয়েগো সিমিওনের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত