আইরিশদের হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২:৫৪ এএম

প্রথমবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমেই চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৮৮ রান করে আয়ারল্যান্ডকে হারিয়েছে ২৬ রানে। জয়ের নায়ক ক্যারিবীয় বংশোদ্ভূত ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান গজানন্দ সিং। ৪২ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬৫ রানের জন্য ম্যাচসেরা হন গজানন্দ। এই গায়ানিজ একসময় উইন্ডিজে খেলতেন। ক্যারিবীয় যুব দলের হয়ে অংশ নেন ২০০৬ বিশ্বকাপে। সেই উইন্ডিজ দলে ছিলেন কায়রন পোলার্ড, আন্দ্রে ফ্লেচার, কেমার রোচ, জেসন মোহাম্মদরা। সেবার মুশফিকুর রহিমের বাংলাদেশ, যে দলে ছিলেন তামিম, সাকিবরা, তাদের কাছে সুপার লিগ প্লে-অফে হেরেছিল উইন্ডিজ। ২০১৭ সালে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলার পর যুক্তরাষ্ট্রের হয়ে খেলার আগ্রহ দেখান গজানন্দ। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র দলের হয়ে অভিষেক হয় তার। আর বুধবার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম জয়ে নেতৃত্ব দিয়ে গড়লেন ইতিহাস। ফ্লোরিডার লন্ডারহিলে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানেই যখন ৪ উইকেট হারিয়ে বসে যুক্তরাষ্ট্র, ভাবা যায়নি দলটি কী চমক উপহার দেবে। সুশান্ত মোদানি (৫০) এবং গজানন্দ সিংয়ের (৬৫) প্রতি আক্রমণে শুরুর ধাক্কা সামলায় দলটি। দুজনের ৬৯ বলে ১১০ রানের জুটি গড়ে ফেলে রেকর্ডও। যেকোনো উইকেট জুটিতেই এখন এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রানের জুটি। এরপর ৭-এ নেমে মার্টি কেনের ১৫ বলে অপরাজিত ৩৯ রান দলটিকে এনে দেয় ১৮৮ রানের বিশাল এক পুঁজি। জবাবে পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালোই হয়েছিল আইরিশদের। শুরুর চার ওভারেই তিনি হাঁকিয়েছিলেন ৬টি বাউন্ডারি। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলে ৫৪ রান। তবে এরপরই আইরিশদের ইনিংস চলেছে উল্টোরথে। ১০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৭৫/৩। তিনে নেমে লোরকান টাকার অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেছেন বটে, তবে দ্রুত রান তোলার দাবি মেটাতে পারেননি ঠিকঠাক। ফলে দলের ওপর চাপটা বাড়ছিল ক্রমেই। শেষমেশ তা গিয়ে ঠেকে দুই ওভারে ৫১ রানে। ততক্ষণে জয়ের দুয়ারেই চলে গেছে যুক্তরাষ্ট্র। আলি খান ও ইয়াসির মোহাম্মদ মাত্র ২৬ রান দিয়েছেন। তাতেই ইতিহাস গড়া হয়ে যায় যুক্তরাষ্ট্রের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত