ঝালকাঠিতে গভীর রাতে লঞ্চে আগুনে পুড়ে নিহত ১৬, বহু দগ্ধ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ এএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. জোহর আলী নিশ্চিত করেছেন।

আশপাশের হাসপাতাল ও ক্লিনিকেও দগ্ধ অনেকের মৃত্যু হওয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (বরিশাল) কামাল উদ্দিন ভূঁইয়া জানান, তাদের মোট ৫টি ইউনিট আগুন নেভানোসহ উদ্ধার কাজ করছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা গেছে।

দগ্ধ ৮০-৯০ জন বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত