গাজীপুরের শ্রীপুরে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের ৮ জন আ. লীগের বিদ্রোহী প্রার্থীদের আজীবন বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দলীয় ভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আ. লীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু।
উপজেলা আ. লীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ইউনিয়নে বহিষ্কৃতরা হলেন- ১ নম্বর গাজীপুর ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. সিরাজুল হক মাতাব্বর, সদস্য মো. আমিনুল ইসলাম, অপর সদস্য মো. শামীম সাজিদ। মাওনা ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাখাওয়াত হোসেন শামীম। কাওরাইদ ইউনিয়ন থেকে শ্রীপুর উপজেলা আ. লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল হাসান মণ্ডল। রাজাবাড়ি ইউনিয়ন থেকে উপজেলা আ. লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সফিউদ্দিন দেওয়ান। গোসিংগা ইউনিয়ন থেকে ইউনিয়ন আ.লীগের সদস্য মো. সাজেদুল ইসলাম সাজু। বরমী ইউনিয়ন থেকে ৩ নম্বর ওয়ার্ড আ. লীগের সদস্য মো. তোফাজ্জল হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী অবস্থানে গিয়ে এই আটজন চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তাই গঠনতন্ত্র অনুযায়ী তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা আ. লীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এই আটজনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগের কোনো কমিটিতে থেকে কেউ বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
