নওগাঁর সাপাহারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার সন্ধায় সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্ত আমান্য করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাপাহার সদর ইউপির বর্তমান চেয়ারম্যান আকবর আলী, সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকার, শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়ারুজ্জামান, পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুকুল আমিন ও শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক শাহ্ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আট নেতাকে। তারা হলেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিরাজুল হক মাতাব্বর, সদস্য আমিনুল ইসলাম ও শামীম সাজিদ, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন শামীম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মন্ডল, সফিউদ্দিন দেওয়ান, গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম সাজু ও বরমী ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন।
