বাংলাদেশি ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:০৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই তৎপর জুয়াড়িরা! এরই মধ্যে দেশের এক ক্রিকেটারের কাছে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব এসেছে বলে খবর।

দেশের একটি শীর্ষ দৈনিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিটকে অবহিত করেছেন।

যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘কোনো ক্রিকেটার আমাদের দুর্নীতি দমন ইউনিটকে কিছু রিপোর্ট করেছেন কি না, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এই ব্যাপারে আমাদের একটি ডিপার্টমেন্ট আছে। আশা করি, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং আমাদের অবহিত করবে।’

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরো লিখেছে, ‘কিছুদিন আগেও জাতীয় দলের অপরিহার্য এক টপ অর্ডার এবং বিপিএলে দারুণ ধারাবাহিক এক ব্যাটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।’

উল্লেখ্য, দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বিপিএল মাঠে গড়াবে ২১ জানুয়ারি। খেলোয়াড় ড্রাফট হবে সোমবার (২৭ ডিসেম্বর)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত