নারায়ণগঞ্জের বন্দর রেলগেটে থেমে থাকা বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় অজ্ঞাতনামা এক শিশু (১০) ঢাকা মেডিকেলে মারা গেছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন।
রবিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ওই শিশুর মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তুহিন।
তিনি জানান, শিশুটির বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর। এই ঘটনায় নুরু মিয়া (৩০) নামে এক বাস ড্রাইবার ও মনোরঞ্জন সাহা (৪০) নামে এক ব্যক্তি ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। শিশুটি মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
আহত নুরু মিয়া জানান, তিনি থাকেন নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায়। বাঁধন পরিবহন ড্রাইভার তিনি। ঘটনার সময় রেল গেটের আটকে পড়া বাসের সামনে থেকে যানজট কমানোর জন্য কাজ করছিলেন।
আর মনোরঞ্জন সাহা জানান, তিনি থাকেন ফতুল্লার ডালপট্টি এলাকায়। এক নাম্বার রেলগেটের পাশে তিনি নতুন টাকা বিক্রি করেন।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের একজন শিশু (৭) অপরজন অজ্ঞাত বৃদ্ধ (৭২)।
এ ছাড়া অপর একজনের কাটা পা উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানায়। যার মৃত্যু হয় ঢামেকে।
সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট ফলপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।
