রাজশাহীতে কোচিং সেন্টারে দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আহাদুজ্জামান নাজিম (৩৭) নামে এক কলেজশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে নগরীর রাজপাড়া থানার পুলিশ। গতকাল রবিবার দুপুরে আদালতের মাধ্যমে নাজিমকে কারাগারে পাঠানো হয়।
নাজিম রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা এবং গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের শিক্ষক।
নগরীর মহিষবাথান এলাকায় নাজিমের একটি কোচিং সেন্টার রয়েছে। সেখানে গত মঙ্গলবার দশম শ্রেণির দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শিক্ষক নাজিম দুই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তারা না গিয়ে বাড়ি চলে আসে এবং কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেয়। শনিবার কোচিংয়ের আরেক ছাত্রী ভুক্তভোগীর বাড়ি গিয়ে ঘটনাটি জানায়। এরপর সন্ধ্যায় কোচিং সেন্টার ঘেরাও করে পুলিশে খবর দেয় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। পুলিশ নাজিমকে থানায় নিয়ে আসে। পরে রাতে এক ছাত্রীর অভিভাবক তার বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগ অস্বীকার করে নাজিম পুলিশকে বলেছেন, ‘আমি পরিস্থিতির শিকার। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ছাত্রীদের গায়ে হাত দেওয়ার পেছনে আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।’
