শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিলযুক্ত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসব ব্যালট উদ্ধার করা হয়।
ব্যালট পেপারগুলো বিদ্যালয় অফিস কক্ষে কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় স্থানীয়রা প্রিজাইডিং অফিসারকে ঘেরাও করে রাখে। পরে প্রিজাইডিং অফিসার ছাবেদ আলীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
তিনি বালুরচর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। উদ্ধার ব্যালট পেপার বস্তাবন্দী করে সিলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, জেলা ডিবির ওসি রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার এন এম সাজ্জিল সাদিকসহ গণমাধ্যমকর্মীরা। রবিবার রানীশিমুল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল দিয়ে চলে যান। পরে ওই বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মাখন মিয়া অফিস কক্ষে গেলে ব্যালেট পেপার দেখে প্রিজাইডিং অফিসারকে খবর দেন। ঘটনা জানাজানি হলে সহস্রাধিক স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে হাজির হয় পুনরায় নির্বাচনের দাবি তুলে বিক্ষোভ করেন।
এ সময় প্রিজাইডিং অফিসার ব্যালটে নিতে আসলে এলাকাবাসী তাকে বিদ্যালয় কক্ষে আটক করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন।
তবে প্রিজাইডিং অফিসার বলেন, নির্বাচন শেষে তাড়াহুড়া করতে গিয়ে ব্যালেট পেপার গুলো অফিস কক্ষে ফেলে চলে যাই।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রিজাইডিং অফিসার ও ব্যালেট পেপার উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
