শেকৃবির বহিরাঙ্গন বিভাগের বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২০ পিএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন, টেকসই কৃষি ও আধুনিকতার ছোঁয়া মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে শেকৃবি বহিরাঙ্গন বিভাগ।

বিভাগটির বিগত সময়ের হওয়া কার্যক্রম ও আগামীর বার্ষিক কর্মপরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বহিরাঙ্গন কার্যক্রমকে গতিশীলতা করায় বিভাগটির অফিস সহকারী আরিফুল ইসলামকে বেস্ট এমপ্লয়ি পুরস্কার-২০২১ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে হওয়া বিভিন্ন গবেষণা প্রযুক্তি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে বের করার উদ্যোগ প্রশংসনীয়। বইটি বের হলে সবাই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে হওয়া গবেষণা সম্পর্কে ধারণা পাবে এবং অনুপ্রাণিত হবে, একই সঙ্গে তা বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে।

বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, আমিও এই বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে ছিলাম, তবে অর্থের অভাবে কিছুই করতে পারিনি। বহিরাঙ্গন বিভাগে বার্ষিক কর্মপরিকল্পনা মূল্যায়ন সভা এটিই প্রথম, আশা করছি বিভাগটি ভবিষ্যতে আরও ভালো কাজ করবে।

শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. শরমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. হারুন-উর-রশীদ, বহিরাঙ্গন কার্যক্রমের সহযোগী পরিচালক দেবু কুমার ভট্টাচার্য, অন্যান্য শিক্ষক এবং বিভাগের সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত