সানজামুল ইসলামের স্পিন ঘূর্ণিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে সহজেই হারাল বিসিবি উত্তরাঞ্চল।
তৃতীয় রাউন্ডের ম্যাচটি একদিন হাতে রেখেই ৬ উইকেটে জিতে নিয়েছে উত্তরাঞ্চল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে পূর্বাঞ্চল। সানজামুল তোপে দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে থামে দলটি। প্রথম ইনিংসে ১৬৬ রান করেছিল তারা।
প্রথম ইনিংসে ১৫৪ রানে এগিয়ে থাকা উত্তরাঞ্চল এদিন ১১১ রানের ছোট লক্ষ্য পায়। জুনায়েদ সিদ্দিকির ৩৮ ও নাঈম ইসলামের ২৮ রানে ভর করে ২৮ ওভারেই তা পেরিয়ে যায় দলটি।
এর আগে বোলিংয়ে সানজামুল ৮ উইকেট নেন ২০ ওভারে ৯৮ রান দিয়ে। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ৩১ বছর বয়সী সানজামুলের হাতেই।
