একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লালমনিরহাটের চার আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল মঙ্গলবার ধানম-িতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে চূড়ান্ত করা প্রতিবেদক উপস্থাপন করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক।
অভিযুক্ত চারজন হলেন মো. এনামুল হক ওরফে মৌলভি বাহেজ উদ্দিন, মো. জালাল উদ্দিন, নুরুল হক ও মো. আজহার আলী। চার আসামিই পলাতক।
তিনটি ভলিউমে মোট ১০৪ পাতার প্রতিবেদনটি শিগগির ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হবে জানিয়ে সানাউল হক বলেন, এটি তদন্ত সংস্থার ৮১তম প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাটের হাতীবান্ধা এলাকায় হত্যা, অবৈধ আটক, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে আসামিদের বিরুদ্ধে। হাতীবান্ধায় চারটি ঘটনায় মোট ১২ জন মুক্তিযুদ্ধের পক্ষের নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা, আটক, নির্যাতন ও ৩০টি বাড়িঘর লুণ্ঠনসহ অগ্নিসংযোগে ধ্বংসের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় এই চারজন জামায়াতে ইসলামীর সমর্থক ছিলেন। তাদের বিষয়ে ২০১৮ সালের ২৫ জানুয়ারি তদন্ত শুরু হয়। সংস্থার তদন্তকারী কর্মকর্তা মো. ফারুক হোসেন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেন।
