দেশব্যাপী একযোগে শুরু ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০১:৪৬ এএম

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগার চত্বরসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’। গতকাল বৃহস্পতিবার বিকেলে গণগ্রন্থাগার চত্বরে জাতীয়ভাবে এই বইমেলার উদ্বোধন হয়। ২ জানুয়ারি রবিবার শেষ হবে চার দিনের এই বইমেলা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ বইমেলার আয়োজন করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মেলার বাস্তবায়নে রয়েছে জেলা প্রশাসন। ঢাকা জেলায় গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বরে এবং দেশব্যাপী বিভাগীয় ও জেলা সরকারি গণগ্রন্থাগার চত্বর ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে হচ্ছে এ বইমেলা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক বই নিয়ে সাজানো হয়েছে চার দিনের এ মেলা। এতে কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়েছে ৫২টি প্রকাশনা প্রতিষ্ঠান। এছাড়া ঢাকা জেলায় ৭০টি, বিভাগীয় পর্যায়ে ৫০টি এবং জেলা পর্যায়ে ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ বইমেলায়।

উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গণগ্রন্থাগারের মহাপরিচালক আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার।

শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, ‘বই পড়ার মাধ্যমে জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়ে তোলা এবং সর্বোপরি জনসাধারণের মাঝে মানবিক মূল্যবোধ সৃষ্টি করা সম্ভব। জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক, মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে।’

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ বইমেলার আয়োজন করা হয়েছে মূলত বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত অসংখ্য বই এবং বঙ্গবন্ধুর লেখা বইয়ের সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত