রাব্বানীর বিরুদ্ধে অভিযোগের শুনানি ৫ জানুয়ারি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৪৫ এএম

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের শুনানি আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছে মাদারীপুর আদালত। সেই সঙ্গে বাদীকে অভিযোগের বিষয় প্রমাণসহ সশরীরে হাজিরের নির্দেশও দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিয়ষটি নিশ্চিত করেছেন মাদারীপুর আদালতের বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু।

গত ২৯ ডিসেম্বর হামলা আর লুটপাটের অভিযোগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আবদুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি। বুধবার বিকেল ৪টার দিকে অভিযোগটি গ্রহণ করেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন। আদালতে দায়ের করা এজাহার থেকে জানা যায়, ২৬ ডিসেম্বর গোলাম রাব্বানী ও তার সংঘবদ্ধ দলবল নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আবদুল গনি মাতুব্বরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ফলে বাদীর আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে।

অভিযোগপত্রে গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে আরও আটজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫-৩০ জনকে বিবাদী করা হয়েছে।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহউদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাব্বানী গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজনের সঙ্গে বিবাদে জড়িয়ে আহত হন। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা করেন রাব্বানী। সেই মামলায় মোশারফ মোল্লার ছেলেসহ দুজন গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত