নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছি: অহনা

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:২৪ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা ইদানীং খুব কম কাজ করেন। অনেক দিন পর তিনি কাজ করলেন নতুন একটি নাটকে। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘মফিজের সুন্দরী বউ’ নাটকের শুটিং স্পটে দেশ রূপান্তরের সঙ্গে কথা হলো অহনার। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

‘মফিজের সুন্দরী বউ’ নিয়ে জানতে চাই…

পরিচালক জিয়াউদ্দিন আলম আমার বড় ভাই। তার সঙ্গে আমার অনেক দিন পরে কাজ হচ্ছে। প্রায় ৮ বছর পর কাজ হচ্ছে। আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওনাকে আমি চিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি আমাকে অনেক জায়গায় কাজের জন্য রেফার করেছেন তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। আর এই নাটকের ক্যারেক্টারটা একটু রুঢ কিন্তু সৎ একটা মেয়ে। যেটা ভালো লাগে না, মানে ভালো লাগে না। এমন একটা চরিত্র। এই গল্প নিয়ে যখন কথা হচ্ছিল তখন গল্প ও চরিত্র ভালো লেগেছিল, দ্যাটস হোয়াই কাজটা করা। আশা করছি, অনেক ভালো একটা কাজ হবে। আলম ভাইয়ের উপর ভরসা আছে।

জিয়া উদ্দিন আলমের সঙ্গে আট বছর পরে কাজ করছেন। এত দিন কাজ না করার কারণ কি?

আমাকে নেয় নাই ( হা হা হা) আমাকে ভাল্লাগে নাই বোধ হয়, সে জন্য উনি আমাকে নিয়ে কাজ করেননি। হা হা হা। তবে যাই হোক, আবারও কাজ করতে পেরে ভালো লাগছে।

জাহের আলভীর সঙ্গে কাজের অভিজ্ঞতা….

এই নাটকে আমার কো-আর্টিস্ট জাহের আলভী। ওর সাথে আমার দ্বিতীয় কাজ, প্রথম সিঙ্গেল। এর আগে তার সঙ্গে ধারাবাহিক নাটকে কাজ করেছি। হি ইজ ভেরি গুড। তার সঙ্গে কাজ করে আমি কমফোর্ট জোনটা পাই। অ্যাকশন-রিয়েকশনটা পাই। আর জাহের আলভীর সঙ্গে কাজের অভিজ্ঞতা হচ্ছে আমি যখন ওর সঙ্গে প্রথম কাজ করেছি তখন ও শয়তান ছিল (জাহের আলভীকে দেখিয়ে হাসি), ও এখন আরও বেশি শয়তান হয়েছে (হা হা হা)।

আর কি কি কাজ করছেন?

আপাতত আর তেমন কোনো কাজ করছি না। কাজ একটু কম করছি। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছি। এর জন্য কাজে ব্যস্ত হতে আরেকটু সময় লাগবে।

গত বছর কতগুলো কাজ হয়েছে আপনার?

আগেই বলেছি, এখন কাজ অনেক কমিয়ে দিয়েছি। সে কারণে কাজের সংখ্যা হাতেগানা কয়েকটিই হবে। ২০২১ সালে ইন টোটালি ৭/৮টা ফিকশনে কাজ করেছি।

সিনেমায় অনুপস্থিত কেন আপনি?

অনেক দিন হয়ে গেছে নতুন কোনো সিনেমা করিনি। আমি যখন সিনেমা করেছি তখন সিনেমার অবস্থা তেমন ভালো ছিল না। এখন ধীরে ধীরে ভালো মানের সিনেমা নির্মিত হচ্ছে। আপাতত সিনেমা নিয়ে তেমন কিছু ভাবছি না। তবে ভালো কোনো অফার পেলে অবশ্যই কাজ করব।

ব্যবসা কেমন চলছে?

আমাদের পারলারের জায়গাটা ৫ বছরের জন্য লিজে নেয়া ছিল। লিজের সময়টা শেষ। আর আমাদের পারলার যেখানে ছিল, তার ঠিক পাশেই একটি মদের বার ছিল। অনেক সময় দেখা যেত কাস্টমারদের সাজাতে সাজাতে রাত ১০টা বেজে যেত। মেয়েরা সেজেগুজে যখন নামত রাতের দিকে, তখন অনেকেই এসে মাতলামি করত, ডিস্টার্ব করত। অনেক সময় বাজে কমেন্ট করত। এ কারণে ওই জায়গাটা আর রিনিউ করিনি। এখন নতুন কোনো জায়গায় সেটা শুরু করতে চাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত