কমলগঞ্জে নৌকার নির্বাচনী অফিস-এমপির গাড়িতে হামলা, আহত ৭

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১:০৮ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

বিদ্রোহী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ ও তার সমর্থকেরা হামলাটি চালায় বলে অভিযোগ। দুই পক্ষের সংঘর্ষে এমপির দেহরক্ষী, গাড়ির চালক ও ব্যক্তিগত একান্ত সহকারীসহ ৭ জন আহত হয়েছে। রবিবার রাত ১০টায় উপজেলার মুন্সীবাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে নিরাপদে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেটে রেফার্ড করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মুন্সীবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমপুর ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় এমপি আব্দুস শহীদের ছোট ভাই ইফতেখার আহমদ নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপর চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার।

রবিবার রাতে ব্যক্তিগত একটি অনুষ্ঠান শেষে মৌলভীবাজার ফেরার পথে মুন্সিবাজারস্থ নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে আসলে এলাকাবাসীর অনুরোধে চা খান। এ সময় বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার তার সমর্থকদের নিয়ে নৌকার প্রধান নির্বাচনী অফিসে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

তখন অফিসে বসা নৌকার লোকজন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। হামলার সময় অফিসের সাটার বন্ধ করে দেওয়া হয়। বাইরে দুই পক্ষের সংঘর্ষে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সঙ্গে কথা বলার চেষ্টা করলে মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, স্থানীয় সাংসদ তার বাড়তে যাওয়ার সময় তার গাড়িতে হামলা করা হয়। তিনি অক্ষত আছেন। তার দেহরক্ষী ও গাড়ি চালক আহত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত