নিউজিল্যান্ডে প্রথম টেস্টে এখন পর্যন্ত দারুণ খেলছে বাংলাদেশ দল। তবে সেটি ছাপিয়ে দেশের ক্রিকেটে ‘টক অব দ্য ডে’ এখন সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মিনহাজুল আবেদনী নান্নু। দুজনের মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বেশ অস্বস্তিতে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসবেন তিনি।
ঘটনার সূত্রপাত, একটি টেলিভিশন অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেখানে নির্বাচক কমিটি নিয়ে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, ‘একই ব্যক্তি একটি কাজ ১১ বছর ধরে করতে থাকলে আপনি একটা জায়গায় আটকে থাকবেন। নির্বাচক প্যানেল এমন হওয়া উচিত, যারাই হবেন তারা তিন-চার বছরের জন্য দায়িত্ব পাবেন, একটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ পর্যন্ত। এভাবে হলে আপনি ভিন্ন কিছু পাবেন, ভিন্ন কিছু ভাবনায় আসবে।’
অনুষ্ঠানে লাইভে যুক্ত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি আশরাফুলের কথার কড়া প্রতিক্রিয়া জানান। আশরাফুলকে ‘দেশদ্রোহী’ ও ‘ফিক্সার’ বলে মন্তব্য করে বলেন, ‘কোন বিশ্বকাপ? বাংলাদেশ কি শুধু ওয়ানডে বিশ্বকাপ খেলবে, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, শুধু টেস্ট ক্রিকেট খেলবে? তাহলে কি ওয়ানডের জন্য একটা, টেস্টের জন্য একটা, টি-টোয়েন্টির জন্য একটা নির্বাচক কমিটি লাগবে? যে সমস্ত ক্রিকেটার দেশদ্রোহী হয়ে, ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়, তাদের থেকে তো ভালো কোনো পরামর্শ আশা করা যায় না।’
ফেইসবুক লাইভে এসে নান্নুর এ কথায় জবাব দেন আশরাফুল। অভিযোগ করেন মিনহাজুলের ব্যক্তিগত অপছন্দের কারণেই নাকি তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এমনকি চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) নাকি মিনহাজুলের কারণেই কোনো দল পাননি আশরাফুল।
সোমবার ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমের মুখোমুখি হলে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এ সময় জালাল ইউনুস বলেন, ‘যেহেতু সে (আশরাফুল) একজন কারেন্ট ক্রিকেট প্লেয়ার, বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। যেটা হয়েছে আমি শুনেছি। আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। দেখা যাক এটা নিয়ে আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করব।’
জালাল ইউনুস আরো বলেন, ‘কাউকেই এভাবে আক্রমণ করা ঠিক নয়। আপনি একটা পদে আছেন বোর্ডে, ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেছি।’
