করোনা: দিল্লিতে শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৫:২৪ পিএম

ভারতে করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় ভারতে রাজ্যে রাজ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানীতে আগামী শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত (সাপ্তাহিক) কারফিউ জারি করেছে দিল্লি সরকার।

করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য দিল্লি সরকার মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এক বৈঠকে কারফিউ জারির এ সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ‘বাড়ি থেকে কাজ’করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চলমান শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া শিগগির গণমাধ্যমে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেসময় তিনি আরও কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন।

এর আগে, আজ সকালে এক টুইটবার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং হালকা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন।

করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ দেওয়ার পাশাপাশি তিনি সম্প্রতি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা ও আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত