নির্বাচন কমিশনের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯:০৮ পিএম

অস্ত্রসহ তিন যুবককে ছেড়ে দেয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন উপ-সচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

একই সঙ্গে হারুন-অর-রশিদ, পুলিশ পরিদর্শক (ক্রাইম), পুলিশ অফিস, নোয়াখালীকে সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয় বলেও জানান তিনি। 

অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় ওসি তহিদুল ইসলামের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার পর পুলিশ হেডকোয়াটার্সের মাধ্যমে নির্বাচন কমিশন থেকে তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। 
এদিকে ঘটনার পর সোমবার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নির্বাচন কমিশনের নির্দেশে সোনাইমুড়ি থানার ওসিকে প্রত্যাহার ও ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবালয়কে জানাতে বলা হয়েছে।

জেলা পুলিশের প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন ও পুলিশ সদর দফতরের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদস্থলে পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার বজরা এলাকা টহলে ছিল এএসআই গাজী সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ। এ সময় সন্দেহজনক ঘোরাঘুরি করায় তিন যুবককে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। পরে শনিবার ভোর পাঁচটার দিকে আটকদের ছেড়ে দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত