ঐতিহাসিক জয়ে সাকিবের পাশে বসলেন মুমিনুল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০২:৫৫ পিএম

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা।

এই জয়ের পর রেকর্ড বই ওলট-পালট করেছে বাংলাদেশ। আর অধিনায়ক হিসেবে ব্যক্তিগত এক মাইলফলকেও পা রেখেছেন মুমিনুল হক।

প্রথম অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দেশকে প্রথম জয় এনে দেওয়া তো আছে, সঙ্গে টেস্টে  বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ জয় এনে দিয়ে সাকিব আল হাসানের পাশেও বসেছেন মুমিনুল।

বাংলাদেশকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তার অধিনায়কত্বে বাংলাদেশ জিতেছে তিন টেস্ট। সাকিবের চেয়ে দুই টেস্ট কম নেতৃত্ব দিয়েই দেশকে তিন ম্যাচে জয় এনে দিলেন মুমিনুল।

সাকিবের নেতৃত্বে ১৪ টেস্টে বাংলাদেশ ১১ পরাজয়ের পাশাপাশি জিতেছে ৩ ম্যাচ। অন্যদিকে মুমিনুলের নেতৃত্বে ১২ টেস্টে ৮ হারের পাশাপাশি জিতেছে ৩ ম্যাচ। ড্র করেছে এক টেস্টে।

তবে এখন অব্দি বাংলাদেশের সেরা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৪ টেস্টে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে ৭ জয়, ১৮ পরাজয় ও ৯ ড্র। মুশির অধীনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট জিতেছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত