বিমানের চট্টগ্রাম-দুবাই ফ্লাইট শুরু ১১ জানুয়ারি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৩:৫৬ পিএম

১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

এ ছাড়া ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমানের একটি বিশেষ ফ্লাইট চলবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কভিড পরীক্ষার পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদাকে গুরুত্ব দিয়ে ঢাকা-চট্টগ্রাম-দুবাই বিশেষ ফ্লাইট চালানো হবে। দুদিন পর চট্টগ্রাম থেকে চলবে নিয়মিত ফ্লাইট। বৃহস্পতিবার বিকেল থেকে চট্টগ্রাম-দুবাই রুটের টিকিট পাওয়া যাবে।

৯ জানুয়ারি সকাল সোয়া ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট বিজি৪১৪৭; চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বেলা ১১টায়। এরপর চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছেড়ে যাবে দুবাইয়ের উদ্দেশে।

দুবাইয়ের ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সারতে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত