জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশের সহায়তা নিয়ে ধানমন্ডি থানায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের স্ত্রী জিডি করেছেন।
জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
মারধরের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদের হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।
এর আগে মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে তিনি ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা-পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন তিনি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
