ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিরাপত্তা’ নিশ্চিত করতে না পারায় পাঞ্জাবের মুখ্যসচিব এবং পাঞ্জাব পুলিশের ডিজির বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন।
আদালতে আইনজীবী মনিন্দর সিং এই মামলার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করেন, বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গুরুতর ও ইচ্ছাকৃত গলদ হয়েছে। এ ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। সেই সঙ্গে পাঞ্জাবের মুখ্যসচিব এবং পাঞ্জাব পুলিশের ডিজিকে বরখাস্তের দাবিও করেন আবেদনে।
তার আবেদনের প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না জানতে চান, ‘আপনি আমাদের থেকে কী আশা করছেন?’
উত্তরে বর্ষীয়ান আইনজীবী বলেন, ‘উনি (মোদী) ফিরোজপুরে যাচ্ছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এ রকম বিষয় যাতে আর কখনো না হয়। এই গলদের দায় নিতে হবে। (নিরাপত্তা ব্যবস্থা) নিয়ে একটি পেশাদারি এবং কার্যকরী তদন্তের প্রয়োজন আছে। পাঞ্জাব পুলিশ বাহিনী কীভাবে মোতায়েন করা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করতে হবে।’
উল্লেখ্য, বুধবার পাঞ্জাবে এক নির্ধারিত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা করেন। পথিমধ্যে রাস্তায় তার আগমনের বিরোধিতা করেন কৃষকেরা। কৃষকদের বিক্ষোভে যানজট তৈরি হলে ফ্লাইওভারে মোদীর গাড়িবহর প্রায় ২০ মিনিট আটকা পড়ে। পরে কর্মসূচি বাতিল করে তাকে ফিরে আসতে হয়।
এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, আগেভাগেই পাঞ্জাব সরকারকে প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে জানানো হয়েছিল। নিয়ম মোতাবেক, পাঞ্জাব সরকারকে যাবতীয় বন্দোবস্ত করতে হয়। বিকল্প পরিকল্পনাও তৈরি রাখতে হতো রাজ্য সরকারকে। সড়কপথে যাওয়ার জন্য বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হতো। কিন্তু তা স্পষ্টত করা হয়নি।
