মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ শেষ হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও শুরু হচ্ছে না এর কার্যক্রম। এতে জানমাল নিয়ে অগ্নি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে উপজেলাবাসী। মানিকগঞ্জ গণপূর্ত বিভাগ ইতিমধ্যে ভবনের শতভাগ কাজ সম্পন্ন করে ফায়ার সার্ভিস বিভাগকে ভবন বুঝে নিতে বলেছে। কিন্তু নির্মাণকাজে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকায় ফায়ার সার্ভিস বিভাগ ভবন বুঝে নিচ্ছে না। এ স্টেশনে জনবলসহ দুটি গাড়ি দেওয়া হলেও দুপক্ষের ঠেলাঠেলির কারণে শুরু হচ্ছে না এর কার্যক্রম। এছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধনের সময় না দেওয়াকেও স্টেশন চালুর বিলম্বের কারণ বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এতে উপজেলাবাসীকে ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। যেকোনো দুর্ঘটনায় মানিকগঞ্জ সদর ও সাভার ফায়ার সার্ভিস থেকে সেবা পেতে বিলম্ব হওয়ায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
মানিকগঞ্জ গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জন্য ২০১৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ৩৩ শতক জমি অধিগ্রহণ করা হয়। ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকা। ২০১৮ সালের প্রথম দিকে এর নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজের নির্ধারিত সময় দেড় বছর অতিক্রম হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে না পারায় সময় বৃদ্ধি করা হয়। ২০২১ সালের জুন মাসে কাজ শেষ করে ভবন গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর গণপূর্ত বিভাগ ফায়ার সার্ভিস বিভাগকে ভবনটি বুঝে নিতে বলে। গত ২৬ ডিসেম্বর ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনমনি শর্মা ভবনটি পরিদর্শন করে কাজে ত্রুটি-বিচ্যুতি দেখতে পান এবং সেগুলো সংশোধন করতে নির্দেশ দেন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জন্য বিভিন্ন পদে প্রায় ২০ জনকে পদায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উদ্বোধনের তারিখ নির্ধারণ হলেই স্টেশনের কার্যক্রম চালু করা হবে।’
