মহামারিকালে মদ্যপানের হার ২১ শতাংশ বেড়েছে: গবেষণা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৭:০৩ পিএম

বিশ্বজুড়ে প্রায় দুই বছর ধরে চলছে করোনা করোনা মহামারি। দেশে দেশে মহামারি থেকে বাঁচতে ও সংক্রমণ কমাতে নানারকম বিধিনিষেধের পাশাপাশি লকডাউনের মতো পদক্ষেপও নিতে হয়েছে।

এক গবেষণায় দেখা গেছে, এই মহামারি পরিস্থিতিতে মানুষের মধ্যে মদ বা অ্যালকোহল গ্রহণের পরিমাণ বেশ বৃদ্ধি পেয়েছে। এতে লিভার সংক্রান্ত রোগে মারা যাওয়ার হার বৃদ্ধি পেতে পারে।

হার্ভার্ড অধিভুক্ত ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চালানো গবেষণায় দেখা যায়, লকডাউন, চলাফেরায় বিধেনিষেধ ও হোম অফিসের কারণে মানুষের অ্যালকোহল গ্রহণ বৃদ্ধি পেয়েছে প্রায় ২১ শতাংশ।

গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত হারে মদ্যপান বৃদ্ধি পাওয়ায় আগামী ২০ বছরের মধ্যে প্রায় ৮০০০ হাজার মানুষ লিভার সংক্রান্ত রোগে মারা যেতে পারেন।

এছাড়া, এই মহামারির সময় অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে আগামী বছরের মধ্যে মৃত্যুর হার ৩৫ শতাংশ বেড়ে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী অতিরিক্ত মদ্যপানের কারণে প্রতি বছর প্রায় ৩ মিলিয়ন মানুষ লিভারের নানাবিধ রোগে আক্রান্ত হন। সারা বিশ্বে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যত জন মানুষ প্রাণ হারান, তার মধ্যে মদ্যপানের ক্ষতিকর প্রভাবে মৃত্যুর সংখ্যাটা ৫.১ শতাংশ। মূলত ১৫ থেকে ৪৯ বছর বয়সিদের মধ্যে মদ্যপানের প্রভাবে নানাবিধ রোগে আক্রান্ত হতে দেখা যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত