টাঙ্গাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৩:৩৮ পিএম

টাঙ্গাইলের বাসাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।

নিহত হেলাল উদ্দিন (৬০) উপজেলার ফুলকি ইউনিয়নের বালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে।

তিনি শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বুধবার ওই সমর্থক হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত মেম্বার প্রার্থী জামাল উদ্দিনসহ কর্মী সমর্থকরা অপর পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়।

এ ঘটনায় হেলাল ও তার স্ত্রী মিনু বেগমসহ অন্তত ৫ জন আহত হয়। এ সময় হামলাকারীরা আজিজের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে।

এ বিষয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আব্দুল আজিজ বলেন, আমরা বুধবারে সবাই ভোট কেন্দ্র ছিলাম। আমার চাচা অসুস্থ হওয়ায় তিনি বাড়িতে ছিলেন। ওই দিন বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না।

এ সময় প্রতিপক্ষের প্রার্থী জামাল উদ্দিন ও তার সমর্থকরা বাড়িতে এসে ভাঙচুর করে। আমার চাচি বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করে।

এ বিষয়ে নিহত হেলাল উদ্দিনের ছেলে মেহেদি হাসান মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন। শনিবার হেলাল উদ্দিন মারা যাওয়ায় ওই মামলায় নতুন ধারা যুক্ত হবে।

আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত