গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে গত এক মাসে ২১ জনের শরীরে করোনার এই নতুন ধরনটি শনাক্ত হলো।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১১৬ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৯২১ জন। অর্থাৎ, এদিন শনাক্ত হওয়াদের মধ্যে ৮২ দশমিক ৫৩ শতাংশই ঢাকা জেলার। আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ৯৪৩ জন।
দেশে করোনায় মৃত্যু কম হলেও রোগী ও শনাক্ত হার এখন ঊর্ধ্বমুখী। বিশেষ করে গত সাত দিনে করোনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্ত হার বেড়েছে দ্বিগুণ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টানা সাড়ে তিন মাস পর শনাক্ত হার সর্বোচ্চ ৫ দশমিক ৭৯ শতাংশে পৌঁছেছে।
দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৪৩ হাজার ৫৫৪ জন ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ৩৭ হাজার ১৮০ জন রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১২ হাজার ২৭৩ জনের, যা সারা দেশে মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬৮ শতাংশ। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে ৮৪৮ জনের, যা মোট মৃত্যুর ৩ শতাংশ।
করোনা সংক্রমণের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দেশে আরও ১ জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে গত এক মাসে ২১ জনের শরীরে ধরনটি শনাক্ত হলো। ওয়েবসাইটটিতে ওমিক্রন আক্রান্তদের বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস, আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সেই জিনোম সিকোয়েন্স ডেটা জমা দিয়েছে।
গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্তের খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে সফর করে দেশে ফিরেছিল। এর পর ২৭ ডিসেম্বর একজনের ও গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর। এরপর গত বৃহস্পতিবার একদিনেই ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। সর্বশেষ শনিবার নতুন আরেকজনের শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল।
