মৌলভীবাজারের কুলাউড়া সদর ছাড়া বাকি ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নবনির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার এ গেজেট প্রকাশ করা হয়।
ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত গেজেটে বলা হয়, হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-১২৪৩৩/২০২১-এ গত ১৩ ডিসেম্বরের আদেশে কুলাউড়া উপজেলার ৭নং কুলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রকাশিত গেজেটের কার্যকারিতা স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় আদালতের আর কোনো স্থগিতাদেশ অথবা আইনগত কোনো জটিলতা না থাকলে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্যান্য ইউনিয়ন পরিষদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হলো।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচন কমিশনের চিঠিটি পেয়েছি। ২-৩ দিনের মধ্যে আমরা সদর ইউনিয়ন ছাড়া ১২ ইউনিয়নের নবনির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করব।’
