স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পরপর দু’টি শিরোপা এনে দিয়েছে ফুটবলাররা। আবাহনীর শিবিরে এখন তাই বাঁধভাঙা আনন্দ। সেই আনন্দটা আরও বেড়ে গেছে কর্তাদের কাছ থেকে আকর্ষণীয় বোনাসের ঘোষণা আসায়। কাল মাঠেই জোড়া শিরোপা এনে দেওয়ার পুরস্কার স্বরূপ ৭৫ লাখ টাকার বোনাস ঘোষণা করেছেন আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। যে অর্থ দলের খেলোয়াড়, কোচসহ সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। এমন এক ঘোষণার আগে অবশ্য আবাহনী শিবিরে ভর করেছিল শঙ্কা। চারজন নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখে কোচ মারিও লেমসকে রহমতগঞ্জের বিপক্ষে সাজাতে হয় একাদশ। চোট ছিটকে দিয়েছিল ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়ের আগুস্তো, স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ, মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও লেফটব্যাক সুশান্ত ত্রিপুরাকে। শিরোপা জয়ের ম্যাচের আগে তাই লেমসের মনে চেপে বসেছিল রাজ্যের দুশ্চিন্তা। শেষ পর্যন্ত শিষ্যরা তাকে হতাশ করেনি বলেই এই শিরোপাও লেমসের জন্য বিশেষ কিছু।
‘হৃদয়, সুশান্ত, ডরিয়েলটন ও রাফায়েল এই চারজনকে আমরা পাইনি। রাফায়েল আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অনুপস্থিতিতে আমরা প্রথমার্ধে ভুগেছি। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। প্রথমার্ধে আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, সে তুলনায় দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ আরও বেশি ছিল। আমরা জানতাম রাফায়েল ও ডরিয়েলটনকে পাব না। তাই গোলের জন্য বক্সের কাছাকাছি কলিনদ্রেসকে খেলিয়েছি। এটা আসলেই কঠিন ম্যাচ ছিল। আমিও চাপ অনুভব করেছি। কখনো কখনো আপনি যদি শিরোপা না জিতেন, তাহলে নিজের প্রতিই আপনার সন্দেহ জাগবে। এই শিরোপা তাই আমার কাছে বিশেষ কিছু,’ ম্যাচ শেষে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন লেমস। পায়ের কারুকাজের মতো অবশ্য কথায় ততটা পারদর্শী নন কলিনদ্রেস। ভাঙা ভাঙা ইংরেজিতে শুধু বলেছেন, ‘আমি সুযোগ পেয়েছি এবং সেটা কাজে লাগিয়েছি। আবাহনীতে এবং বাংলাদেশে আমার ভালো সময় কাটছে। (আবাহনী সমর্থকদের উদ্দেশ্যে বলব) সাবাশ, সাবাশ।’
ফাইনালের আরেক গোলদাতা রাকিব হোসেন ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দু’টি শিরোপার স্বাদ পেয়েছেন। স্বাধীনতা কাপের ফাইনালেও গোল করেছিলেন চট্টগ্রাম আবাহনী থেকে এবারই আবাহনীতে আসা রাকিব, ‘টানা দুটি টুর্নামেন্ট জিতলাম। আমার ক্যারিয়ারে এটা প্রথম। আমি খুব আনন্দিত। আমি ট্রফি জেতার জন্য এখানে এসেছি। বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল পেয়েছি। আজও পেয়েছি। আমি গোল করতে চাই নিয়মিত। যে কোনো ফাইনাল ম্যাচে গোল করাটা খুব কঠিন। আমি সেটা করতে পেরেছি। আজ খেলতে নামার আগে কোচ বলেছে রাফায়েল নেই। ডরিয়েলটন নেই। একটু আলাদা করে আমাকে ডেকে নিয়ে কথা বলেছেন। বলেছেন তোমার ওপর অনেক দায়িত্ব। আমি সেটা পেরেছি।’
