সাংসদের গাড়িবহরে হামলার মামলায় ৬ জন কারাগারে

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২:০১ এএম

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাংসদ ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের গাড়িবহর ও রহিমপুর ইউনিয়নে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় প্রধান আসামি পরাজিত স্বতন্ত্র প্রার্থী জুনেল আহমেদ তরফদারসহ ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল রবিবার দুপুরে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালতে মামলার এজাহারভুক্ত ২৮ আসামি আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ২২ জনের জামিন মঞ্জুর করে প্রধান আসামিসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন পরাজিত ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য সাময়িক বহিষ্কৃত) জুনেল আহমেদ তরফদার, তার প্রধান নির্বাচনী এজেন্ট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক (সদ্য সাময়িক বহিষ্কৃত) হামিদুল হক চৌধুরী বাবর, তার সমর্থক মিজানুর রহমান, হারুনুর রশীদ, মোস্তাক আহমেদ মস্তান ও বেলাল মিয়া।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগ তুলে সাংসদ আবদুস শহীদের গাড়িবহর ও মুন্সীবাজারের নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে বিদ্রোহী প্রার্থী জুনেল আহমেদ তরফদার ও তার সমর্থকরা হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সাংসদের ব্যক্তিগত সহকারী, দেহরক্ষী ও গাড়িচালকসহ উভয়পক্ষের ৭ জন আহত হন। পরে ওইদিন রাতেই ৩৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় সাংসদের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত