বক্তব্য থেকে সরে আসলেও তৈমূরকে শামীম ওসমানের ক্যান্ডিডেট বলছেন আইভী

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৭:৪৩ পিএম

‘শামীম ওসমান সমর্থন দিলে দেবে না দিলে না দেবে। এটা কোনো ব্যাপার না’ রবিবার এমন বক্তব্য দেয়ার একদিন পর সেই কথা থেকে সরে আসলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী।

সোমবার নগরীর বন্দরে ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি বলিনি যে শামীম ওসমানের সমর্থন আমার দরকার নেই। আমি বলেছি যে আমার ভোটাররা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা কাকে ভোট দেবেন।’

এর আগে রবিবার নগরীর ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে নৌকার প্রার্থী আইভী বলেছিলেন, ‘উনি আমার দলের লোক। সমর্থন দিলে দেবে, না দিলে না দেবে। দলে থাকতেই পারে, আমাকে অপছন্দ করতেই পারে। এটা কোনো ব্যাপার না। আমি আমার বড় ভাইকে সম্মানিত করার চেষ্টা করেছি। উনি যদি উনার দায়িত্ব পালন না করেন, তাহলে আমার কিছু করার নাই। জনতা যে রায় দেবে সেটাই রায়। ষড়যন্ত্র তো করবেই কিন্তু ধ্বংস করে দেবে জনগণ।

সোমবার তিনি বলেন, দল যখন আমাকে নমিনেশন দিয়েছে, আমার দলের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে তারা নৌকার পক্ষেই থাকবে। এর মধ্যে দু-একজন ব্যতিক্রম হলে আলাদা ব্যাপার। ভোটারদের কাছে এটা অপরিহার্য নয় যে, কে সমর্থন দিল আর কে দিল না। তৃণমূলের নেতা কর্মীরা হয়তো এটায় গুরুত্ব দেবে। কিন্তু সাধারণ মানুষ, আমার মা-বোনদের কাছে মাথাব্যথা নেই নারায়ণগঞ্জে কে সমর্থন দিল কে দিল না। তাদের কাছে বড় ব্যাপার দল নমিনেশন দিয়েছে।

আইভী আরও বলেন, তিনি (তৈমূর) তো গডফাদারের কোলে গিয়ে বসে আছেন। তিনি গডফাদারের বাইরের কেউ না। গডমাদারটা তিনি যে আমাকে বলেছেন, এটা খারাপ কাজ করেছেন। তাকে আমি এ ধরনের কথা বলিনি। তিনি তার কাছে আশ্রয় নিয়েছেন এটাই বলেছি। তিনি যদি তাদের পৃষ্ঠপোষকতায় না দাঁড়াতো তাহলে এ চেয়ারম্যানরা তার পাশে গিয়ে দাঁড়াতো না। অথবা পুলিশ কাকে হয়রানি করল এটা তিনি বলতেন না। তার কর্মকাণ্ডে ফুটে উঠেছে তিনি শামীম ওসমানের ক্যান্ডিডেট। তাদের প্রটেক্ট করতে গিয়ে যদি তিনি আমাকে এ ধরনের কথা বলেন পক্ষান্তরে তিনি নিজ সন্তানকেই বলছেন। আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। তাকে সম্মান করেই নির্বাচন চালিয়ে যাব।

উল্লেখ্য, সম্প্রতি এমপি শামীম ওসমানকে বড় ভাই সম্বোধন করে আইভী বলেছিলেন, তিনি (শামীম) সংসদ সদস্য তাই নির্বাচনে সরাসরি নামতে পারছেন না। তিনি আমাদের দলের নেতা। আমার বড় ভাই। তবে তিনি নৌকার সঙ্গেই আছেন। এর কদিন পরই গত শনিবার আইভী বলেন, তৈমূর আলম (স্বতন্ত্র মেয়র প্রার্থী) গডফাদার শামীম ওসমানের প্রার্থী। আবার রবিবার বলেন, আমি তাকে গডফাদার বলিনি, এটা তার ৩০ বছরের উপাধি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত