ধলেশ্বরীতে ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধারের পর অভিযান সমাপ্ত

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৫৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার ৬ জনের এবং সোমবার সকালে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। গত ৫ জানুয়ারি বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

তখন থেকে অন্তত ১০ যাত্রী নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল গত টানা চার দিন চেষ্টা করেও নিখোঁজ কাউকে খুঁজে পায়নি।

উদ্ধার হওয়া লাশের মধ্যে রয়েছেন- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজ পড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০), তামিম (৮), আব্দুল্লাহ (২৪), শামসুদ্দিন (৬২) ও শিশু তাসফিয়া (২)।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত নিখোঁজ ১০ জনের লাশই উদ্ধার করা হয়েছে। ফলে অভিযান সমাপ্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত