দেশে ইন্ট্রা ভাস্কুলার লিথোট্রিপসি (আইভিএল) প্রযুক্তির মাধ্যমে প্রথম হার্টের রিং প্রতিস্থাপন করেছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)। গত সোমবার ৭৪ বছর বয়সী এক রোগীর ধমনির মধ্যে জমাট বাঁধা ক্যালসিয়াম ভেঙে রক্ত চলাচল স্বাভাবিক করতে এই পদ্ধতিতে হার্টের অস্ত্রোপচার করেন এনআইসিভিডির একদল চিকিৎসক।
জটিল এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন। তার সঙ্গে ছিলেন ১০ সদস্যের একদল চিকিৎসক। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় তারা সফলভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হন। বর্তমানে রোগীর শরীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন বলেন, দেশে ইন্টারভেনশনাল কার্ডিওলোজি চিকিৎসায় এক নতুন প্রযুক্তি হলো আইভিএল। প্রথম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এই পদ্ধতি ব্যবহার করে কারও চিকিৎসা দেওয়া হলো। এর ফলে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় এক নতুন মাইলফলক যুক্ত হলো।
আইভিএল পদ্ধতিতে হার্টের রিং প্রতিস্থাপনে চিকিৎসক দলে ছিলেন হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শাহরিয়ার সাকিব, ডা. মাহমুদুল হাসান মাসুম, ডা. মিজানুর রহমান প্রমুখ।
