উত্তর কোরিয়ার ৫ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৩:১৯ পিএম

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

পিয়ংইয়ং একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে- এমন ঘোষণার একদিন পর বুধবার ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা আরোপ করলো। খবর এএফপি’র।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, নিষেধাজ্ঞা আরোপ করা এ পাঁচ ব্যক্তি (উত্তর কোরিয়ার) গণবিধ্বংসী ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কর্মসূচির আওতায় অস্ত্র তৈরির জন্য মালামাল সংগ্রহের দায়িত্বে ছিলেন।

এক বিবৃতিতে আন্ডার সেক্রেটারি অব দ্য ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রায়ান নেলসন বলেন, ‘আজকের পদক্ষেপ (উত্তর কোরিয়ার) গণবিধ্বংসী ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির আওতায় বিভিন্ন অস্ত্র তৈরি ঠেকানোর যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার অংশ।’

তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারও প্রমাণ করে যে কূটনীতি ও পরমাণু নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক মহলের আহ্বান জানানো সত্ত্বেও পিয়ংইয়ং নিষিদ্ধ কর্মসূচি এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে।’

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির নেতা কিম জং উন সরাসরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরমাণু ক্ষমতাধর দেশটির এটি ছিল এ ধরনের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত