কক্সবাজারে হত্যার দায়ে আব্দুল খালেক (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ ও ৪ জনের যাবজ্জীবন সাজা প্রদান করেছে আদালত।
একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফার।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মোজাফ্ফর আহমদ হেলালী জানান, গত ২০০২ সালের ২৯ জুন কক্সবাজার বাস টার্মিনালের লারপাড়া এলাকায় ক্যাফে হায়দার হোটেলের সামনে একটি গাড়ির চাবি দেয়া-নেয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জমির আহমদের ছেলে আক্তার হোসেনকে (৩৫) গুলিতে হত্যা করে পালিয়ে যান আব্দুল খালেক।
এই ঘটনায় নিহত আক্তার হোসেনের বড় ভাই আব্বাস উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০৩ সালে মামলার চার্জ গঠন করেন।
পরবর্তীতে ওই মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল খালেককে মৃত্যুদন্ডাদেশ ও মো. কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফারকে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত।
একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়া আবদুল জলিল, আশরাফুল সিদ্দিকী ও ওবায়দুল হককে খালাস দিয়েছেন আদালত।
