ইউপি সদস্যের নির্যাতনে যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৬:১০ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যের অমানুষিক নির্যাতনে শিকার আনোয়ারুল ইসলামের (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় মারা যান তিনি।

দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে লাশ নিয়ে এলাকার লোকজন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ি বাজারে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছেন।

নিহত আনোয়ারুল আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র ও পুলিশ জানায়, নির্বাচনকালীন পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোজ্জাম্মেল হককে দেড় লাখ টাকা ধার দেন আনোয়ারুল।

নির্বাচনে জয়লাভের পর সেই টাকার পরিশোধের জন্য চাপ দেন তিনি। ইউপি সদস্য টাকা পরিশোধ না করে আনোয়ারুলকে ভয়ভীতি দেখাতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্যও হয়।

গত ৪ জানুয়ারি টাকা দেওয়ার কথা বলে আনোয়ারুলকে নিজ বাড়িতে ডেকে নেন মোজাম্মেল।

এরপর নিজের বাড়ির একটি ঘরে আটকে রেখে দুই দিন অমানুষিক নির্যাতন চালান আনোয়ারুলের উপর।

ইউপি সদস্যের বাড়িতে আনোয়ারুলকে উদ্ধার করতে গিয়ে ধরা পড়েন তার প্রতিবেশী রোকনুজ্জামান নামের আরেক যুবক। তার ওপরও চলে নির্যাতন।

পরে গত ৬ জানুয়ারি আনোয়ারুলের পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ মোজাম্মেলের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।

এ সময় পুলিশ আনোয়ারুলের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করলেও ওই দু’জনকে উদ্ধার করতে পারেনি।

পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় ওই দিন আনোয়ারুল ও রোকনুজ্জামানকে কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া মাদ্রাসা মাঠে ফেলে সটকে পড়ে অপহরণকারীরা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত আনোয়ারুলের মাথাসহ সারা শরীরে অসংখ্য লোহার পেরেক লাগানো ছিল। হাসপাতালে নিজের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র বর্ণনা করেন পরিবারের সদস্যদের কাছে।

এ ঘটনায় তার আনোয়ারুলের স্ত্রী বাদী হয়ে ওই দিন রাতে নবনির্বাচিত ইউপি সদস্য মোজাম্মেল, তার ছোট ভাই মোশারাফ হোসেন ভুট্টু ও ছেলে সুজনসহ পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গত মঙ্গলবার ইউপি সদস্য মোজাম্মেল, তার ভাই মোশারফ হোসেন ভুট্টু ও ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরের আনোয়ারুলের লাশ তার বাড়ি মদনপুরে এলে গ্রামবাসীরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে তার মরদেহ নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ি বাজারে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেন।

ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে রাস্তার উভয় দিকে শত-শত পণ্যবাহী ও যাত্রী পরিবহন আটকা পড়ে। পরবর্তীতে আদিতমারী থানা-পুলিশের আশ্বাস পেয়ে তারা রাস্তা ছেড়ে দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, নিহতের স্ত্রীর দায়ের করা মামলাটিকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার কাজ চলছে। এ মামলায় প্রধান আসামিসহ তিনজন অভিযুক্ত জেলহাজতে রয়েছেন। তাদেরকেও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত