রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতাসহ আহত ৮, গ্রেপ্তার ১০

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৬:৪৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতাসহ অন্তত আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন কাজের আধিপত্য নিয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকসহ তার সমর্থকদের সঙ্গে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিসহ তার সমর্থকদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধের জের ধরে এর আগে বেশ কয়েকবার সংঘর্ষ, হামলা-মামলা ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন বাজার এলাকায় কলি বাহিনীর সদস্য আনোয়ার, খায়ের, টুটুল, লোহা শাহিন, মামুন, আব্দুল রাজ্জাক, শান্ত, আলামিন, রিফাত, উজ্জল, আমিন, ইকবাল, মনজু, রোবের, মতিউর, মাসুমসহ প্রায় ৩০/৩৫ জনের একদল দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়।

একপর্যায়ে কলি বাহিনীর সদস্যরা কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান, আল-আমিন, আরিফ, হারেজ, রওশন আলী, সোহেলসহ অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে আল-আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, সম্পূর্ণ অন্যায় ও পরিকল্পিতভাবে কলি বাহিনীর সন্ত্রাসীরা আমার নিরীহ লোকদের উপর হামলা চালিয়েছে।

কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, আমার গাড়ির চালককে মারধর করার পর তর্কবিতর্ক ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত