পরীমণির প্রার্থিতা প্রত্যাহার হয়নি, নির্বাচন করতেই হবে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৮:২৬ পিএম

২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে প্রার্থী হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কিন্তু শনিবার তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জানা যায়, মাতৃত্বজনিত কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শিল্পী সমিতির নির্বাচন কমিশন জানাল, পরীমণির প্রার্থিতা প্রত্যাহার হয়নি। তাকে নির্বাচন করতেই হবে।

শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন বলেন, ‘শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিল। এর মধ্যে আমরা কারও প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি। তাই তার প্রার্থিতা প্রত্যাহার হয়নি।’

এদিকে পরীমনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলেন যে, তিনি অসুস্থ, তাই তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সে জন্য এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি। কিন্তু তখন আর সময় ছিল না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি। এখন বিধি অনুযায়ী পরীমণিকে নির্বাচনে অংশ নিতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত