সবচেয়ে বেশি চিন্তিত পরের সিরিজগুলো নিয়ে: মুমিনুল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১১:৪৮ পিএম

নিউজিল্যান্ডে ‘ঐতিহাসিক সিরিজ’ শেষে শনিবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথমবার কিউইদের মাটিতে টেস্ট জয় ও টেস্ট সিরিজ ড্র নিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক মুমিনুল হক।

এ সময় তিনি বলেন, পরের সিরিজগুলো নিয়েই বেশি চিন্তিত তিনি। কারণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেখানেই।

মুমিনুল বলেন, ‘এখন আমি সবচেয়ে বেশি চিন্তিত পরের সিরিজগুলো নিয়ে। সামনে অনেক ভালো সিরিজ আছে, দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ-ভারতের বিপক্ষে খেলতে হবে আমাদের।’

‘ওই সিরিজগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, অধিনায়ক হিসেবে আমি মনে করি। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। একটা টেস্ট ম্যাচ জিতে খুশি থাকলাম, সেই সুযোগ নেই। আমাদের পায়ের নিচে মাটি থাকতে হবে। প্রতিদিন আরও উন্নতি করতে হবে।’

এই সফরের আগে নিউজিল্যান্ডের মাটিতে কখনোই কোনো ফরম্যাটে জয় ছিল না বাংলাদেশের। সেখানে এবার সবাইকে অবাক করে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

পরের ম্যাচ অবশ্য হেরে যায় মুমিনুলরা। কিন্তু তাতেও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করার মতো অর্জন আসে।

এমন সাফল্যের রহস্য জানতে চাইলে মুমিনুল বলেন, ‘কোনো ক্যারিশমা নেই, কোনো জাদু-মন্ত্র ছিল না। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করেছি। যে জায়গায় উন্নতি করা দরকার, অনেক দিন থেকে চেষ্টা করছি একটা দল হিসেবে খেলার, সেটাই করেছি। বাংলাদেশ তখনই ভালো করে, যখন দল হিসেবে খেলে। বিশেষ করে টেস্টে। একজন-দুজন পারফর্ম করলে হয় না।’

‘দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দল হিসেবে আমরা ভালো ব্যাট করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে মোটামুটি কাভার করার চেষ্টা করেছি আমরা। কিন্তু টেস্টে প্রথম ইনিংসে ধস নামলে টেস্টে ফিরে আসা কঠিন।’

আরো পড়ুন

মুমিনুল কেন বললেন- ‘আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত